হাসনাতের দুঃখ প্রকাশ, কর্মসূচি প্রত্যাহার কওমি ছাত্র ঐক্য পরিষদের
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার দুপুরে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর সংগঠনটি জানায়, হাসনাতের দুঃখ প্রকাশের পর এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে তারা আর কোনো বাধা দেবে না।
এর আগে শুক্রবার রাতে মাদ্রাসা শিক্ষার্থীরা হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে এবং ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দেয়। পরে শনিবার বিকেলে একই স্থানে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল।
তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, জেলা শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। এনসিপি সেখানে ঘরোয়া অনুষ্ঠানের কথা জানালেও রাজনৈতিক কর্মসূচির অনুমতি চায়নি বলে জানান তিনি।
আ.দৈ/আরএস




















