লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ইউনিটটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শটগানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং লুট হওয়া অস্ত্র, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস সেল উদ্ধারে তথ্যদাতাদের ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
নির্ধারিত সময়ে অস্ত্র জমা না দেওয়ায় যেসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য হয়েছে, সেগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া অপরাধ দমনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আ.দৈ/আরএস




















