নারীকে স্বাবলম্বী করতে পারলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের মধ্যে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তাই নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও উৎসাহ দিচ্ছে।
তিনি বলেন, ‘একজন নারীকে স্বাবলম্বী করা মানে একটি পুরো পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেওয়া।’
সরকারের দেওয়া অনুদানের অর্থ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীদের এগিয়ে নিতে পারলে এর সুফল শুধু পরিবার নয়, পুরো সমাজ ও রাষ্ট্র পাবে।
অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ব্যক্তি ও ৬৪ জন আদিবাসীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
আ.দৈ/আরএস




















