জামায়াত-এনসিপির লংমার্চ, আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি

সেপ্টেম্বরে চট্টগ্রামমুখী জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, এই লংমার্চই আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে—এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। অথচ জামায়াত দীর্ঘ ১৭ বছর তাদের দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারাই আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে।
রাশেদ খান বলেন, জনগণ জামায়াত-এনসিপির এই রাজনৈতিক পরিকল্পনা সফল হতে দেবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















