সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডরে তিনটি সাপ পাওয়া গেছে। এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা তিনটি সাপ মেরে ফেলেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের অফিস কক্ষ। দিনভরই ছিলো সচিবালয়ে সাপ আতঙ্ক।
প্রত্যক্ষদর্শী মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। সচিবালয়ে বহুতল ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে আসলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে।
কর্মচারীরা বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, নিশ্চয় ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।
এ সময় কিছুক্ষণের জন্য ওই ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপের বাচ্চা তিনটিকে পিটিয়ে মেরে ফেলেন কর্মচারীরা।
ছয় নম্বর ভবনের ১৯ তলার ফ্লোরটি শিক্ষা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রী–সচিবের পাশপাশি কর্মচারীরাও বসেন।
কর্মচারীদের বরাতে পুলিশ বলছে, প্রথমে তিনটি সাপ দেখ যায়। এ নিয়ে পুরো ফ্লোরে আতংক ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচির মধ্যে একটি সাপ চোখের আড়ালে চলে যায়। পরে খোঁজাখুঁজির পর তিনটিকেই মেরে ফেলা হয়।
সচিবালয়ের পুলিশের নিরাপত্তা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে অফিস খোলার পর ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা যায়। সাপগুলো দেখার পর কর্মচারীরাই তা নিরাপত্তার কারণে মেরে ফেলে।
মৃত সাপগুলো সংরক্ষণ না করার কারণে, সেগুলো জাতের তা জানা যায়নি। এই সাপগুলো বাচ্চা এবং এই ফ্লোরেই কোথাও তাদের জন্ম বলে ধারণা করা হচ্ছে।
সচিবালয়ের ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার পারভেজ বলেন, এ ধরণের কোনো ঘটনার খবর আমাদের কেউ দেয়নি। ফলে বিষয়টি সম্পর্কে জানা নেই।
আ.দৈ/আরএস




















