আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে কক্সবাজারের ডিসিসহ চারজনকে নোটিশ
কক্সবাজার প্রতিনিধি

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ শুরুর অভিযোগে জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ই-মেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠান। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়।
নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকো।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য রক্ষায় করা এক রিটের পর ২০১১ সালে আদালত বালুর মধ্যে স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন। এর আগে ওই নির্দেশ অমান্য করে নির্মিত স্থাপনা আদালতের নির্দেশে দুই দফায় অপসারণও করা হয়।
তার অভিযোগ, আদালতের নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে জাইকার অর্থায়নে আবারও বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















