নেপালের বন্যা-ভূমিধসে এখনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ দুর্যোগে গভীর শোক ও সহমর্মিতা জানানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
খলিলুর রহমান বলেন, নেপাল সরকার এখনো দুর্যোগের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে। কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তারা শিগগিরই জানাবে।
তিনি আরও বলেন, নেপালে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত বা নিখোঁজ হলে দ্রুত বাংলাদেশকে জানানোর অনুরোধ করা হয়েছে। কোনো বাংলাদেশি জীবিত বা মৃত অবস্থায় শনাক্ত হলে সরকার তাদের উদ্ধারে ও দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশির ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতির ওপর বাংলাদেশ সরকার সতর্ক নজর রাখছে।
আ.দৈ/আরএস




















