ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির ভিত্তিতে সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।
তিনি বলেন, মহানবী (সা.) মানুষকে তাওহিদের পথে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ হয়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতাসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন হতে পারে অনন্য প্রেরণার উৎস।
বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র ও সামাজিক বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার পাশাপাশি নারী, শিশু ও সমাজের প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে ধারণের মাধ্যমে বাংলাদেশে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বে শান্তি, ন্যায়, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আ.দৈ/আরএস




















