ফ্যাসিবাদ সমর্থনকারী সংবাদমাধ্যমকে সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদকে সমর্থন বা প্রচার করে এমন সংবাদমাধ্যমকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে যারা ফ্যাসিজমকে সমর্থন, প্রচার বা চর্চা করে, তাদের সামাজিকভাবে ধিক্কার ও বয়কট করা ছাড়া সরকারের কিছু করার নেই। মুক্ত ও নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাস না করা ব্যক্তিদের জন্য সামাজিক বয়কটই বড় বিচার বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো মানসিকতা নেই। বরং সরকার নিজেদের ভুলত্রুটি সংশোধনে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করার স্বাধীনতা সবার রয়েছে। একই সঙ্গে বিটিভি ও সরকারি গণমাধ্যমে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর সংবাদ প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনসহ অতীতের বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচারের স্বার্থে মামলায় অভিযুক্তদের ফেরত আনার দাবি সরকারের রয়েছে।
এ ছাড়া ভুয়া প্রচারসংখ্যা দেখিয়ে সংবাদপত্রের সার্কুলেশন বাড়িয়ে দেখানোর প্রবণতা বন্ধে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
আ.দৈ/আরএস




















