স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

সারা দেশে চলাচলরত স্লিপার বাসের বৈধতা ও পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।
রোববার দুপুর সোয়া ১টার দিকে বিআরটিএ সদর দপ্তরের সামনে সড়ক বন্ধ করে দেন তারা। এতে উত্তরা-এয়ারপোর্ট, মগবাজার, তেজগাঁও, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা থেকে বনানীগামী গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের দাবি, স্লিপার বাসের বিরুদ্ধে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ করা যাবে না। পাশাপাশি ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দ্রুত সমাধান, অযৌক্তিক জরিমানা ও গাড়ি আটক বন্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্লিপার বাস পরিচালনায় নীতিমালা প্রণয়ন করতে হবে।
মালিক সমিতির নেতারা জানান, এ খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজারো মানুষের কর্মসংস্থান রয়েছে। তাই বাস চলাচল বন্ধ না করে কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিআরটিএতে স্মারকলিপিও দিয়েছেন মালিকরা।
ডিএমপির ট্রাফিক মহাখালী জোন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
আ.দৈ/এসআর




















