রাজশাহীতে ছাত্রদল নেত্রীকে ঘিরে ছাত্রলীগ-ছাত্রদলের ফেসবুক বাকযুদ্ধ
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ছাত্রদলের এক নেত্রীকে ঘিরে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক শুরু হয়েছে। রাজশাহী কলেজের ছাত্রদলকর্মী প্রীতি চৌধুরীর রাজনৈতিক অতীত নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার প্রিয়া ফেসবুক পোস্টে প্রীতির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ তুলে প্রশ্ন তোলেন। প্রীতিও পাল্টা পোস্ট দিয়ে অভিযোগের প্রতিবাদ করেন এবং প্রিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পাল্টাপাল্টি পোস্টের পর প্রীতির পাশে দাঁড়িয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রীতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত আক্রমণ করে তাঁর কণ্ঠ থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে শনিবার রাজশাহী কলেজ ছাত্রলীগের পলাতক সভাপতি রাশিক দত্ত প্রিয়ার পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিনি নেতাকর্মীদের নোংরা বিতর্কে না জড়িয়ে সম্মানের সঙ্গে বিষয়টি শেষ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের স্বার্থে রাজপথে মোকাবিলার কথাও উল্লেখ করেন তিনি।
আ.দৈ/আরএস




















