রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফখরুলের কান্নায় আবেগঘন বিএনপির সংসদীয় দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪৯)
X


বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চান এবং আগামীকাল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা দুইটা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।

সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।

এরপর বক্তব্য দিতে দাঁড়ান মির্জা ফখরুল। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই প্রবীণ নেতা। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য, কয়েক মিনিটের বক্তব্যে চার থেকে পাঁচবার কেঁদেছেন তিনি।

বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, তা তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

বঙ্গভবনে দায়িত্ব নেওয়ার পর দলের সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুলের আবেগঘন বক্তব্যে সভায়ও তৈরি হয় আবেগপূর্ণ পরিবেশ। উপস্থিত সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানও একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনেক মূল্য দিয়ে আজ এ জায়গায়’

মির্জা ফখরুলের বক্তব্যের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির জন্য দিনটি ঐতিহাসিক। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বিএনপির চেয়ারম্যান বলেন, দলের দুঃসময়ে তিনি সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো হাল ছাড়েননি। রাজনৈতিক জীবনে তাঁকে কারাবরণও করতে হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বৃহস্পতিবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এ সময় দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

স্থানীয় নির্বাচন নিয়েও সতর্কবার্তা

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন তারেক রহমান। তাঁর ভাষ্য, অনেক সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় পর্যায়ে দলের দূরত্ব তৈরি হচ্ছে। এ ধরনের দূরত্ব যেন আর না বাড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনটি বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ যেন প্রার্থী না হন, সে জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে যোগ্য, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুলের আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকার নির্বাচন ঘিরে তারেক রহমানের সাংগঠনিক বার্তা—দুই মিলিয়ে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশলই গুরুত্ব পেয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝