আজিজ আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতারের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) চিঠি পাঠানো হয়েছে।
২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৬১ জন নিহত হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়েছে।
ওই সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ইন্টারপোল আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে এবং সীমান্ত পেরিয়ে যাওয়া সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের ক্ষেত্রে সদস্য দেশগুলোকে সহযোগিতা করে।
কোনো মামলার আসামি দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ করতে পারে। এ জন্য আসামির বিরুদ্ধে মামলা, আদালতের আদেশ এবং প্রয়োজনীয় পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্যসহ আবেদন করতে হয়। আজিজ আহমেদের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এনসিবিতে চিঠি দেওয়ার মধ্য দিয়ে সেই প্রক্রিয়াই শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















