শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের পরদিনই তদন্ত কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পরদিনই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আলাউদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে হাটহাজারী থানা থেকে সন্দ্বীপ থানায় পাঠানো হয়েছে।
১২ আগস্ট ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর পরদিন ১৩ আগস্ট তদন্ত কর্মকর্তা আলাউদ্দিনকে বদলির আদেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তবে পুলিশ বলছে, আলাউদ্দিনকে ‘জনস্বার্থে’ বদলি করা হয়েছে। রিমান্ডে আসামিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগের সঙ্গে বদলির কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘির পাড়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় করা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষ হচ্ছে রোববার। সোমবার তাকে আদালতে হাজির করা হতে পারে।
এদিকে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়ার বিষয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও মামলাটি হাটহাজারী থানাতেই থাকবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতের সীমান্ত দিয়ে পালানোর সময় যশোর থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার হন ডেভিড ইমন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা-সহ ১৯টি মামলা রয়েছে।
আ.দৈ/আরএস





















