প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ও র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেটসংলগ্ন এলাকায় কয়েক দফায় মারধর ও পাল্টাপাল্টি ধাওয়া চলে।
শিক্ষার্থীদের অভিযোগ, নবীনবরণ অনুষ্ঠানের দিন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুসা হোসাইন অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে র্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
পরে রাতভর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স থামিয়েও কয়েকজনকে মারধর করা হয়েছে।
তবে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, দুই পক্ষকে থামানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আ.দৈ/আরএস





















