বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি ও অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শনিবার রাজধানীর সবুজবাগে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায় করলে ডিএসসিসি প্রশাসকের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিএনপির কেউ এসব অপরাধে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
হাবিবুর রশিদ বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
আ.দৈ/আরএস




















