রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১৪ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৯:১৯ এএম  (ভিজিট : ৫২)
X

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট।  জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  বেগম খালেদা জিয়ার জন্মদিন এবার পালিত হচ্ছে তাঁর মৃত্যুর পর প্রথমবারের মতো। এ উপলক্ষে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জানা যায়, ১৯৪৫ সালের ১৫ আগস্ট বেগম খালেদা জিয়া তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ কেটেছে দিনাজপুরে। দিনাজপুরের সেন্ট জোসেফ কনভেন্টে প্রাথমিক শিক্ষা শেষে তিনি দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন।

তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে ১৯৬০ সালে খালেদা জিয়ার বিয়ে হয়। পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বেড়ম খালেদা জিয়াকে সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দিত্বের মুখোমুখি হতে হয়। স্বাধীনতার পর তিনি দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের আহ্বানে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮৪ সালে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে বিএনপির নেতৃত্ব দেন তিনি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও তিনি একাধিকবার সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে শিক্ষা, অর্থনীতি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে একাধিক নীতি ও কর্মসূচি গ্রহণ করা হয়। একই সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে আন্দোলন, বিরোধ ও নানা রাজনৈতিক সংকটও ছিল।

২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় তাঁর কারাদণ্ড হয়। কারাবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে বিএনপি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল। ২০২০ সালে শর্তসাপেক্ষে কারামুক্তির পর তিনি গুলশানের বাসায় অবস্থান করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশেও নেওয়া হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রয়েছে নানা মূল্যায়ন ও বিতর্ক। সমর্থকদের কাছে তিনি গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক; অন্যদিকে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনাও রয়েছে। তবে দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক উপস্থিতির কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবস্থান গুরুত্বপূর্ণ।

খালেদা জিয়ার মৃত্যুর পর এবারই প্রথম তাঁর জন্মদিন পালিত হচ্ছে তাঁকে ছাড়া। বিএনপি জানিয়েছে, এ উপলক্ষে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে এসব কর্মসূচি পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

দলটির নেতা-কর্মীরা যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের পাশাপাশি প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করবেন। জন্মদিনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝