৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পরিদর্শকসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক

৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের মোট ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।
অন্য প্রজ্ঞাপনে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে একই আইনের আওতায় অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন—নুরে আলম সিদ্দিকী, মো. নূরুল মোতাকিন, কাজী ওয়ায়েজ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরিয়া, মো. রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।
সরকারি আদেশ অনুযায়ী, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
আ.দৈ/আরএস




















