সাভারে মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

সাভারে একটি মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়, কোরআন শরিফ ও প্রেসার কুকার দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে যায়।
বোমাটি নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এর আগে ৩০ জুলাই আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে যাওয়া ব্যাগ থেকে একই ধরনের প্রেসার কুকার বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনার তদন্তে সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একটি আস্তানার সন্ধান পায় সিটিটিসি। সেখান থেকে একজনকে আটক করা হয়।
সর্বশেষ উদ্ধার হওয়া বোমাটির সঙ্গে জেএমবি আস্তানার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিটিটিসি।
আ.দৈ/আরএস




















