বিপ্লব কুমারসহ পাঁচ পুলিশ কর্মকর্তা বরখাস্তের প্রক্রিয়া চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক

কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেই অনুমোদিত ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়া এবং কর্তৃপক্ষকে নিজেদের অবস্থান সম্পর্কে অবহিত না করার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। অননুমোদিত অনুপস্থিতির মেয়াদ ৬০ দিনের বেশি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিভাগীয় মামলায় তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো জবাব দেননি। পরে তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। এরপর চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি পর্যালোচনার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশন পাঁচ কর্মকর্তাকেই চাকরি থেকে বরখাস্ত করার পক্ষে মত দেয়। এরপর বিধি অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত হয়ে পলাতক রয়েছেন। সুদীপ কুমার চক্রবর্তী ও মো. ইকবাল হোসাইনও সাময়িক বরখাস্ত হয়ে যথাক্রমে বরিশাল ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।
এদিকে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেই বিভিন্ন গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে। সুদীপ কুমার চক্রবর্তী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতা হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজন কুমার দাসের বিরুদ্ধেও জুলাই-আগস্টের আন্দোলন দমনে সুনামগঞ্জে অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আর ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে।
গোলাম রুহানীর বিরুদ্ধেও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৪ সালের ১১ আগস্ট থেকে তিনি অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
রাষ্ট্রপতির অনুমোদনের পরই পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আ.দৈ/আরএস





















