বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিনিয়োগ খাতে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অ্যামচেম প্রতিনিধিরা জানান, সংগঠনটির নতুন কমিটি প্রায় দুই মাস আগে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে নতুন কমিটি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বর্তমানে ইতিবাচক। বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস





















