বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
​পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসিকে সবুজায়ন করা হবে: প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য করতে হবে।

​আজ সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি আয়োজনে এবং 'পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশরে' উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রশাসক মো. আবদুস সালাম বলেন, "ঢাকা শহরে এখন আগের মতো গাছপালা নেই। আজ বায়ুদূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা আমাদের কারোই কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে নানা রোগ-ব্যাধি দেখা দেবে। প্রকৃতিকে বাঁচাতে এবং কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।"

​নিজের শৈশবের স্মৃতিচারণ করে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী বলেন, "এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছি, তা এখন আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।"

​প্রশাসক মো. আবদুস সালাম আরও উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই পরিবেশ নিয়ে দূরদর্শী পরিকল্পনা করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও বেশি গাছ লাগানো প্রয়োজন। ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল কামরাঙ্গীরচর ও আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়ে গাছ লাগানো হবে। এই কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।"

​​প্রশাসক মো. আবদুস সালাম ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আগামী দিনে দেশের নেতৃত্ব তোমাদের মধ্য থেকেই আসবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।"

​পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন। ​অনুষ্ঠান শেষে অতিথিগণ বিদ্যালয়ের প্রাঙ্গণে চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝