৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান: ড. মাহবুব উল্লাহ
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি, বরং একটি ‘মহাগণঅভ্যুত্থান’ সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি কাজী জেবেল।
ড. মাহবুব উল্লাহ বলেন, বিপ্লবের মাধ্যমে একটি সমাজের সামগ্রিক কাঠামো পরিবর্তিত হয় এবং নতুন সমাজব্যবস্থা গড়ে ওঠে। চীন, রাশিয়া ও কিউবার মতো দেশে বিপ্লব সংঘটিত হয়েছে। তবে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও গণঅভ্যুত্থান ঘটেছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭৫, ১৯৯০, ১৯৯১ ও ২০২৪ সালে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ও গণঅভ্যুত্থান ঘটেছে। পাশাপাশি ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের কথাও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র ও উন্নয়ননীতির প্রসঙ্গ তুলে জাতীয় অধ্যাপক বলেন, চীনকে মোকাবিলা করা যুক্তরাষ্ট্র ও ভারতের নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। এ বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগ, মোংলা বন্দর ও চীনা অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, একসময় এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হলেও বর্তমানে সেগুলো অনেকটা আড়ালে চলে গেছে। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্র ও ভারত সম্ভবত এসব উদ্যোগের বিষয়ে আগ্রহী নয়।
ড. মাহবুব উল্লাহ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ‘২৪-এর চেতনা’ বা স্পিরিটও ঐক্যের কথা বলে। কিন্তু বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে সমাজ বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তি দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অর্থনীতিবিদ ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক ড. মাহফুজ পারভেজ এবং সাংবাদিক ও সাবেক সামরিক কর্মকর্তা আবু রুশদ।
এ ছাড়া যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, বার্তা সম্পাদক জোহায়ের ইবনে কলিম, নগর সম্পাদক মিজান মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচকেরা জুলাই গণঅভ্যুত্থান, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, সার্বভৌমত্ব, অর্থনীতি এবং দেশের ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে মতামত তুলে ধরেন।
আ.দৈ/আরএস




















