
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নতুন টিনের ঘর নির্মাণ করে চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। পরে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিভিন্ন প্রত্যন্ত ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় ও মাছের ঘেরও পানিতে তলিয়ে যায়।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।





















