বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর
ঝিনাইদহ প্রতিনিধি

বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, মজুতদারির ক্ষেত্রে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে।
শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাই যারা মজুতদারি করবেন, তাদের পরিণতি বিবেচনা করেই এ ধরনের কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, কৃষকরা পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে এসে সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। পাট ও পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ‘তোলা’ আদায়েরও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাট-বাজারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যেসব ব্যবসায়ী অতিরিক্ত তোলা না পেলে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিকল্প ব্যবসায়ী তৈরি হবে।
আ.দৈ/আরএস





















