রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয়: ডা. শফিকুর রহমান
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

দেশের গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যমকে সত্যকে সত্য এবং ভুলকে ভুল বলার সাহস রাখতে হবে। তার নিজের কোনো ভুল থাকলেও সেটি তুলে ধরতে হবে। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য থাকলেও অনেক ক্ষেত্রে তারা তা স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন না।


তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের কোনো ধরনের চাপ বা ভয় ছাড়াই কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।


দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই মূল্যায়ন জনগণই করবে। এ বিষয়ে তার দল এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে চায় না বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দেশের অনেক মানুষ প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না। এর পাশাপাশি অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রাজনীতি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, এখানে সন্ত্রাসী বা মাস্তানি মানসিকতার মানুষের কোনো স্থান থাকা উচিত নয়।


আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীকে জামায়াতে যুক্ত করতে হলে কেন্দ্রীয় অনুমোদন প্রয়োজন হবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।


আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, তাদের কর্মকাণ্ডে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার জন্য এখনো যথাযথভাবে দুঃখ প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও সাজা রয়েছে, তাদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝