
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। উদ্বোধনের পর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে অবস্থিত জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ আগ্রহের কারণে আগামী ১০ আগস্ট পর্যন্ত সব টিকিট বিক্রি শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাদুঘরের অনলাইন টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিনের তিনটি নির্ধারিত সময়ের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া ১৪ ও ১৫ আগস্টের সব টিকিটও আর পাওয়া যাচ্ছে না। ১১, ১২ ও ১৩ আগস্টের বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার সময়সূচির টিকিটও ইতোমধ্যে শেষ হয়েছে।
জাদুঘরে প্রতিদিন তিনটি নির্ধারিত সেশনে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে। সময়গুলো হলো সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা।
গত ৫ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয়। প্রথম দিনেই নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। ফলে অনেক আগ্রহী দর্শনার্থী টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। আগ্রহীদের ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে নিবন্ধন করে নির্ধারিত সময় নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘরের প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিটের মূল্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।




















