ফটিকছড়িতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দলীয়করণের অভিযোগ, কর্মসূচি বর্জন এনসিপিসহ ১১ দলীয় জোট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ অনুষ্ঠানে দলীয়করণ ও বৈষম্যের অভিযোগ তুলে কর্মসূচি বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোট।
আজ বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠান চলাকালে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতারা কর্মসূচি বর্জন করে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানটি নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি।
তাদের দাবি, মঞ্চের অধিকাংশ আসন বিএনপির নেতাকর্মীরা দখল করে রাখেন। উপস্থিত থাকা এনসিপি ও ১১ দলীয় জোটের সিনিয়র নেতাদের মঞ্চে বসার বা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
তবে অভিযোগ নাকচ করে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এটি প্রশাসনের আয়োজিত একটি জাতীয় কর্মসূচি। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং যারা আগে এসেছেন, তাঁদের মঞ্চে বসানো হয়েছে। তিনি দাবি করেন, দায়িত্ব পালনে প্রশাসন শতভাগ নিরপেক্ষ ছিল।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “এটি প্রশাসনের আয়োজিত জাতীয় কর্মসূচি। আমি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সকল জুলাই যোদ্ধার প্রতি আমার যথাযথ সম্মান রয়েছে। জাতীয় কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতি করা সমীচীন নয়।”
আ. দৈ./কাশেম




















