জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্যের’ অভিযোগ, সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরি ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন সাবেক এই সরকারি কর্মকর্তা। এরপর বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জগলুল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ডিবি।
ডিবির দাবি, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তারের পর জগলুল পাশার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আ.দৈ/আরএস




















