রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৩৪)
X

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, মানুষের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, কোনো মানুষের আত্মত্যাগ কিংবা কোনো গণতান্ত্রিক সংগ্রাম কখনোই বৃথা যায় না। ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানও মানুষের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

নিতাই রায় চৌধুরীর ভাষ্য, দীর্ঘ সময় ধরে চলা স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদান জাতির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা বিশ্লেষণ করলে একটি রাষ্ট্র কীভাবে গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোকে দুর্বল করে জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন ও হত্যার পথ বেছে নিতে পারে, তার একটি বাস্তব চিত্র পাওয়া যায়।

এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান সংস্কৃতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে জাদুঘরটির কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরে নিয়মিত গবেষণার ব্যবস্থা থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, মানুষের আকাঙ্ক্ষা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে শক্তিশালী একটি শাসনব্যবস্থাও টিকে থাকতে পারে না। তাঁর দাবি, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট—মাত্র ২০ দিনের আন্দোলনের মধ্যেই তৎকালীন শাসনব্যবস্থার পতন ঘটে।

সংস্কৃতিমন্ত্রীর মতে, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি নির্দিষ্ট সময়ের রাজনৈতিক ঘটনা নয়; এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক অধ্যায়। সেই ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই পালন করবে জুলাই স্মৃতি জাদুঘর।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝