রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৪২)
X

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।

 সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। সব ছেলে শিক্ষার্থীর দলের জন্য এটি বাধ্যতামূলক। আর মেয়ে শিক্ষার্থীদের দলের জন্য এটি ঐচ্ছিক। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থাকবেও বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, এর আগে প্রাথমিক পর্যায়ের টুর্নামেন্টে সারা দেশ থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। 

মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতাতেও ১১ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। তবে এত বড় আয়োজনের যথাযথ প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। এবার সে সীমাবদ্ধতা কাটিয়ে টুর্নামেন্টকে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমকে শক্তিশালী করা, যাতে দেশের প্রতিটি গণমাধ্যমে এ আয়োজন যথাযথ গুরুত্ব পায় এবং সাধারণ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

মাহদী আমিন জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, প্রচারণা ও সমন্বয়ের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ফলে আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে আগের তুলনায় আরও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে একটি জাতীয় উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল আয়োজন, টিম সংসহ নানা কর্মসূচি থাকবে।

তিনি আরও বলেন, এবারের টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল দুই পর্যায়েই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে থেকে এ আয়োজনের যাত্রা শুরু হবে, যাতে সারা দেশের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী নিজেই এ টুর্নামেন্টের নাম নির্ধারণ করেছেন। এটি শুধু একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে একটি অনন্য জাতীয় উদ্যোগ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ যাতে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুখপাত্র জানান, এ আয়োজন সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে এমন একটি মানসম্পন্ন আয়োজনে পরিণত করা হবে, যা ভবিষ্যতের জাতীয় কর্মসূচিগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝