রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ত্রিশালে অসহায় পাঁচ কন্যার জননীকে সেলাই মেশিন দিলেন ইউএনও
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩০)
X

স্বামীর নির্যাতন, অবহেলা ও চরম আর্থিক সংকটের মধ্যে পাঁচ কন্যাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন ত্রিশাল উপজেলার বাবুপুর এলাকার বাসিন্দা বিনা আক্তার। অসহায় এ নারীর জীবন সংগ্রামের কথা জানতে পেরে আজ সোমবার (৩ আগস্ট) তার পাশে দাঁড়িয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

জানা গেছে, বিনা আক্তার পাঁচ কন্যা সন্তানের জননী। দীর্ঘদিন ধরে তিনি স্বামীর নির্যাতনের শিকার। স্বামী সংসারের দায়িত্ব পালন না করে বাড়ির বাইরে অবস্থান করেন এবং স্ত্রী-সন্তানদের কোনো খোঁজখবর কিংবা ভরণপোষণ দেন না। ফলে পাঁচ শিশুকন্যাকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল তার।

বিষয়টি জানতে পেরে ইউএনও আরাফাত সিদ্দিকী বিনা আক্তারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। সেখানে তিনি তার পারিবারিক ও আর্থিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে জানতে চান।

এ সময় বিনা আক্তার জানান, তিনি সেলাইয়ের কাজ জানেন। একটি সেলাই মেশিন পেলে বাড়িতে বসেই কাজ করে সন্তানদের ভরণপোষণের ব্যবস্থা করতে পারবেন।

তার বক্তব্য শোনার পর ইউএনও তাৎক্ষণিকভাবে একটি সেলাই মেশিন কেনার নির্দেশ দেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত একটি নতুন সেলাই মেশিন কিনে এনে বিনা আক্তারের হাতে তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিনা আক্তার। তিনি উপজেলা প্রশাসন ও ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তার পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

এদিকে অসহায় এক নারীর আত্মনির্ভরশীল হওয়ার পথে উপজেলা প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারি সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আ. দৈ./কাশেম /জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝