রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিন মন্ত্রীর কাঁচাবাজার পরিদর্শন দাম কমাতে কাঁচামরিচ আমদানির অনুমতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩৫)
X

রাজধানীর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। একইসঙ্গে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২ আগস্ট) দুপুরের পর রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, মূল্য স্থিতিশীল রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোমবার থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে। আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বাজার পরিদর্শনে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, দাম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে জনগণ সঠিক তথ্য পাবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, কেউ পণ্য মজুদ করে কৃত্রিমভাবে বাজার অস্থিতিশীল করছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি। এমনটা হলে অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হওয়া ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

সরকারের এই উদ্যোগে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোক্তারা কেনাকাটায় স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অন্যান্যরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝