রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে ইউএনও ১৮০০ গাছের চারা দিলেন শিক্ষার্থীদের
সবজ মিয়া, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিট : ২২)
X

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৮০০টি ফলজ ও বনজ গাছের চারা। শুধু একটি গাছ নয়, প্রতিটি শিক্ষার্থীর হাতে যেন তুলে দেওয়া হলো আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ার একেকটি অঙ্গীকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই বৃক্ষচারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

আজ রোববার (০২ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বেগম সাহিদা মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসা এবং জামালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বেগম সাহিদা মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিভিন্ন হারে বৃক্ষচারা বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রতিটি শিক্ষার্থীর হাতেও তুলে দেওয়া হয় ফলজ বা বনজ গাছের চারা। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, আমড়া ও মেহগনি।

শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ থাকেনি এ উদ্যোগ। শিক্ষার্থীদের সুস্থ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে পানির ফিল্টার, ফুটবল এবং সিলিং ফ্যানও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের হাতে লাগানো গাছের পরিচর্যা করে তাকে বড় করে তোলা।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বেগম সাহিদা মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা সুলতানা, জামালপুর সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আমজাদ হোসেন, জামালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাতে একটি করে চারা নিয়ে অনেকেই প্রতিশ্রুতি দেয়, গাছটি শুধু রোপণই নয়, যত্ন করে বড়ও করবে। আয়োজকদের প্রত্যাশা, এসব চারা একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে সবুজে আচ্ছাদিত করবে কালীগঞ্জের জনপদ, আর পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।

আ. দৈ./কাশেম / জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝