চিকিৎসকের ব্যবহারেই রোগীর অর্ধেক রোগ সারাতে পারে: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি

চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
আজ শনিবার (০১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সাথে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে। সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ আপনারা নিলেন, তা যেন কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
রাজশাহী মেডিকেল কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে মিনু বলেন, এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করছেন। ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত।
রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছে। রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ১২ তলা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএ'র সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ও বিএমএ'র সাবেক সাধারণ সম্পাদক ডা. মোফাখখারুল ইসলাম, রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, রামেক শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. মনোয়ার তারেক সাবু, ট্রেজারার ডা. মোর্শেদ জামান মিঞা, রামেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান বাবলু, মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ, গাইনী বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দা সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















