ত্রিশালে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে।
নিহতরা হলেন পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরে লেগে থাকা কাদা ধোয়ার জন্য দুই ভাই পানিতে নামে। খেলাচ্ছলে পানিতে নামলেও মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হয় শোকাবহ ঘটনায়। একপর্যায়ে ছোট ভাই শামিম পুকুরের গভীর অংশে চলে গিয়ে পানিতে তলিয়ে যেতে শুরু করে। ভাইয়ের বিপদ দেখে এক মুহূর্তও দেরি না করে বড় ভাই জোবায়েদ তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেয়।
কিন্ত সাঁতারে অদক্ষ হওয়ায় এবং পানির গভীরতায় সেও ভারসাম্য হারিয়ে ফেলে। দুই ভাই একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুজনেই পানির নিচে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় লোকজন পুকুরে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ নিহতদের বাড়িতে ভিড় করেন। শিশু দুটির নিথর দেহ দেখে স্বজনরা বারবার মূর্ছা যেতে থাকেন। মায়ের বুকফাটা কান্না এবং বাবার নির্বাক শোক উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
এদিকে দুই সহোদর ভাইয়ের অকাল মৃত্যুতে পাটুলী গ্রামে নেমে এসেছে গভীর শোক। গ্রামের প্রতিটি ঘরে ঘরে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে এই মর্মান্তিক ঘটনা। যে দুই ভাই কিছুক্ষণ আগেও হাসি-আনন্দে মেতে ছিল, তাদের নিথর দেহ একসঙ্গে বাড়িতে ফিরে আসার দৃশ্য এলাকাবাসীর হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের আত্মত্যাগের এই করুণ ঘটনা দীর্ঘদিন মানুষের মনে বেদনার স্মৃতি হয়ে থাকবে।
আ. দৈ./কাশেম/ জাকির




















