হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা, সোমবার থেকে নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন সোমবার থেকে শুরু হলেও এবার কিছু শ্রেণির মানুষের জন্য থাকছে বিধিনিষেধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী শিশু এবং কয়েকটি গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা হজ পালনের সুযোগ পাবেন না।
রবিবার (২৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক নিবন্ধন। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হবে ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীরা ই-হজ সিস্টেমে নিজে নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এজেন্সিগুলোর ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একই সঙ্গে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে– এমন পাসপোর্ট থাকতে হবে।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় আগামী হজ মৌসুমে মক্কা ও মদিনায় বাড়িভাড়ার পূর্বে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা এবং হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধের নির্দেশনা দিয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া মেডিক্যাল ফিটনেস ছাড়া হজে গমন না করার জন্যও তাদের পক্ষ হতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোডম্যাপের নির্ধারিত সময়সূচির মধ্যে কোনও কাজ সম্পন্ন না হলে হজপালন অনিশ্চিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি এ মন্ত্রণালয়।
আ.দৈ/আরএস




















