রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আদালতে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ৩৪)
X

গোপালগঞ্জে আদালত কক্ষে বিচার চলাকালে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দ্রুত তদন্ত ও বিচারকের শাস্তির দাবি উঠেছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিচারক মো. সুজন মিয়ার আদালত কক্ষে বিচার কার্যক্রম চলাকালে পেছনের সারিতে কিছু বিচারপ্রত্যাশী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন।

নিক্ষিপ্ত পেপারওয়েটটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্তের মাধ্যমে দায়ী বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আহত সাবিহা সুলতানা বলেন, একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বলেন, বিচারকের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। একইসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিমও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারকের শাস্তি দাবি করেন।

এদিকে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝