সাংবাদিক রাসেল আর নেই, সহকর্মী ও নেতাদের শোক
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক আবু হেনা মো. আখতার হোসেন রাসেল আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
ক্র্যাবের অফিস সেক্রেটারি ইসমাইল হোসেন ইমুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, রাসেল মোটরসাইকেলে জ্বালানি নিতে আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে গিয়েছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) মৃত্যু সনদ অনুযায়ী, আজ বুধবার দুপুর ১২টা ৩৯ মিনিটে তাঁকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে সিসিইউ-২ ওয়ার্ডে স্থানান্তর করা হয়, যেখানে বেলা ১টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে মৃত্যু সনদে উল্লেখ রয়েছে।

এদিকে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মো. মুসলিম উদ্দিনের ছেলে রাসেল বাংলা ভাষার সংবাদপত্র ‘খবর সংযোগ’- এ বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সমকাল, কালের কণ্ঠ, ভোরের কাগজসহ আরও কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন। ক্র্যাব ছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা গভীর শোক জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আ. দৈ./কাশেম




















