মাজারের ডেগে চিরকুট, ‘খোকন বাটপার’ লিখে বিচারের আবেদন
সিলেট প্রতিনিধি

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে ছোট-বড় পাঁচ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা গণনার সময় দানবাক্স থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লেখা একটি চিঠির পাশাপাশি আরও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে, দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ। মাত্র ১৯ দিনের ব্যবধানে, মাজার প্রাঙ্গণে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হয়। চিরকুটটিতে শিরোনাম হিসেবে লেখা ছিল, ‘খোকন বাটপার’।
চিরকুটে লেখা হয়, ‘সে মাজারের গরু, ছাগল, হাঁস ও মোরগ বেচাকেনা করে। মাজারের খাদেমদের অর্ধেকেরও বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মচারী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আমি চাই তার সঠিক বিচার হোক।’
খোঁজ নিয়ে জানা গেছে, খোকন নামে ওই ব্যক্তির গ্রামের বাড়ি কুমিল্লায়। দীর্ঘদিন ধরে তিনি মাজারের সেক্রেটারি সামুন মাহমুদের নির্দেশে বিভিন্ন কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। একাধিক সূত্রের দাবি, তার মাধ্যমে মাজারের ডেগের টাকা সরিয়ে নেওয়া হতো এবং কর্মচারীদেরও নিয়ন্ত্রণ করা হতো। এ কারণে মাজার এলাকায় তার প্রভাব ছিল। এছাড়া মাজারে দান করা ছাগল, খাসি, ভেড়া ও মোরগ তার মাধ্যমে সরিয়ে নিয়ে বিক্রি করা হতো বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।
ডেগে পাওয়া আবু জলিল হাবিব নামে স্বাক্ষরিত ওই চিরকুটের শেষ অংশে লেখা রয়েছে, ‘সারওয়ার আলম (ডিসি সারওয়ার আলম) ফিরে আসুক সিলেটে।’
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম প্রথমবারের মতো হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নিলে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
আ.দৈ/আরএস




















