চিতার আগুন নিভার আগেই প্রেমিকের আত্মহত্যা
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ ও সদর উপজেলায় এক কিশোরী ও এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিক আপত্তির পর এ দুই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের শ্রীমহন্তপুর গ্রামের পরেশ চন্দ্র দাসের মেয়ে প্রিয়া রানী দাসের (১৬) মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একই গ্রামের পরিতোষ রায়ের ছেলে কাকন রায় রাহুলের (১৭) সঙ্গে প্রিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে সম্পর্ক নিয়ে আপত্তি ওঠে। এরপর সোমবার রাতে প্রিয়ার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এদিকে কাকন রায় দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল জালিয়াপাড়ায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় কাকন বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে আত্রাই নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ বলেন, সকালে প্রিয়ার মৃত্যুর খবর কাকনের নানার বাড়িতেও পৌঁছেছিল। বিকেলে প্রিয়ার শেষকৃত্য চলাকালে কাকন বাড়ি থেকে বের হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রিয়া রানী দাসের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী বলেন, কাকন রায়ের মৃত্যুর ঘটনাও তদন্ত করা হচ্ছে। উভয় ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে।
আ.দৈ/আরএস




















