রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে পাহাড়ধসের আতঙ্ক, মাইকিং করে সরিয়ে নেওয়ার উদ্যোগ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৫১)
X

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে আজ দিনভর মানুষ দুর্ভোগে পড়লেও তবে সড়কে জলাবদ্ধতা হয়নি।

এদিকে পাহাড় ধ্বসের আশঙ্কায় নগর ও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে স্থানীয় প্রশাসন। গত দুইদিন ধরে অব্যাহত থাকা এই বৃষ্টিপাত আরও দুয়েকদিন হতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান। আছে পাহাড় ধ্বসের আশঙ্কা। 

পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. বসির আহমেদ আজ সোমবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রামে আজ বিকেল তিনটার পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিন্মচাপের প্রভাবে গত দুইদিন ধরে এই বৃষ্টিপাত হচ্ছে। ভারি বৃষ্টিপাতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধ্বসের আশঙ্কা আছে। এ দিকে দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বর্ষাকালে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখতে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্বক্ষণিক তদারকির ইতিবাচক ফল হিসেবে তিনি এ পরিস্থিতিকে উল্লেখ করেন।

সোমবার সকালে মেয়র নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বৃষ্টির পানি নিষ্কাশনের বাস্তব চিত্র, খাল-নালা ও ড্রেনের পানি প্রবাহ, ঝুঁকিপূর্ণ স্থানসমূহের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অন্যদিকে সকাল থেকে নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের সরিয়ে আনতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আগের রাতেও (রবিবার) নগরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। সেইসঙ্গে নগরের সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ের আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসাগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে। পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

তিনি জানান, গত শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। ৬ জন সহকারী কমিশনারের (ভ‚মি) নেতৃত্বে মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নগরের আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝