উপহারের মূল্য নয়, আন্তরিকতাই বড়: এমপি মাধবী মারমা
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা বলেছেন, সামান্য এই উপহার আপনাদের কাছে অপ্রতুল হতে পারে। তবুও এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সরকার, জেলা প্রশাসন ও আমার নিজস্ব তহবিল থেকে এই সামান্য সহায়তা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানেই শেষ নয়, আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।
আজ রোববার বিকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মানবিক ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধবী মারমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি আস্থা রেখে পার্বত্যাঞ্চলের সংরক্ষিত নারী আসনের পাশাপাশি সমতলের আরও দুটি আসনের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকেই নিজের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে অসহায় মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, উপহারের আর্থিক মূল্য বড় নয়; বরং এর পেছনের আন্তরিকতা, শুভেচ্ছা, সম্মান ও কৃতজ্ঞতার বার্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করে যেতে চাই।
অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে ৪২ জন উপকারভোগীর মাঝে প্রায় দুই লাখ টাকার আর্থিক সহায়তা এবং ২২টি প্রতিষ্ঠানের মধ্যে সাড়ে ১৬ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা।
আ. দৈ./কাশেম/ জাকির




















