রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায় : কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ২৫৬)
X

 দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হয় না এবং কখনো ভালো হতে পারে না বলেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন ‘এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই, পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই। যার ফলে এটা হয়েছে।’

আজ রোববার  (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে, এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে আহাম্মকের স্বর্গেই বাস করছে। দু’দিন পরে তাদেরও এ রকম হতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পাই নাই। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়।

‘এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন। দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে, তাদের যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করুন।’

‘বীর উত্তম’ খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধা বলেন, ‘যে মানুষটির জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিকও হতাম না। সেই মজলুম জননেতা মওলানা ভাসানীর অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝