রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ আগস্ট সাক্ষ্যগ্রহণ অপরাধ ট্রাইব্যুনালে
ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ নওফেল সহ ২২ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ২৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬জনকে হত্যার ঘটনায়  দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ   সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ ( অভিযোগ) গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৬ আগস্ট মামলার ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন  বিচারিক এই আদালত।

আজ মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২ এর চেয়াম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হলেন, মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ২৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে আদেশের জন্য দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান ও আবদুল কাইয়ুম। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম শুনানি করেন।

অভিযোগ গঠনের আগে কাঠগড়ায় উপস্থিত আসামিদের জিজ্ঞাসা করা হয়, ‘আপনারা দোষী না নির্দোষ’। তারা আদালতে বলেন ‘আমরা নির্দোষ’।

শুনানিতে আসামিপক্ষের দাবি, এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই এবং তদন্তও যথাযথভাবে সম্পন্ন হয়নি। অন্যদিকে প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রসিকিউশনের পক্ষে আদালতে বলেন, মামলায় অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক উপাদান বিদ্যমান রয়েছে। তিনি আদালতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

সূত্র মতে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন,  চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।

এ মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি হলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। মামলার সব আসামিই আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কার্যক্রম শেষে গত ২ এপ্রিল তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করে।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একই ঘটনাপ্রবাহে শতাধিক মানুষ গুরুতর আহত হন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝