থানার ওসিকে ফুল দেওয়া ছাত্রদলের কাজ নয়: সরোয়ার এমপি
নিজস্ব প্রতিবেদক :

থানার ওসিকে ফুল দেওয়ার কাজ ছাত্রদলের নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, দাত্রদলের মূল দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা। তিনি বলেন, আদর্শ ভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমেই নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, ছাত্রদলের কর্মীদের হতে হবে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা, নিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এক কথায়, ছাত্রদলকে মেধাবীদের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতারা গতকাল ২৬ জুন বিকেলে এমপির গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সেই পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জনগণের কাছে তুলে ধরতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি গঠনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতারা এমপির দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















