রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ৪২)
X

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার শৌলমারীর তিস্তা চরে কয়েক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের এ গুরুত্বপূর্ণ পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহবুব আলম সালেহী এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আবু তাহের, কেন্দ্রীয় জামায়াত নেতা ও শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম সালেহী বলেন, ‘চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো প্রকল্প এ অঞ্চলের মানুষ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চূড়ান্ত সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু বাস্তবায়নের পালা। আমরা আন্দোলনের ক্রেডিট চাই না, মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। সরকার দ্রুত কাজ শুরু করুক, কৃতিত্ব তারাই নিক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদে ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং এখনও সময় শেষ হয়ে যায়নি। চলতি বাজেটেই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব। সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন মন্ত্রী তিস্তা এলাকা পরিদর্শন করেছেন। এর আগেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তিস্তা পরিদর্শন করেছেন। ফলে তিস্তা নদীর বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে। তিস্তা পাড়ের মানুষ নদী খনন, ড্রেজিং বা শুধু বাঁধ নির্মাণ নয়, পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার বাস্তবায়ন চায়।’

বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে প্রতিবছর লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হন। কৃষি, পরিবেশ ও উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জাতীয় বাজেটের তুলনায় তিস্তা মহাপরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থ খুবই সামান্য। তাই জনগণের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত একনেকে অনুমোদন দিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং তিস্তা পাড়ের শতাধিক মানুষ অংশ নেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝