রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন: সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের নানামুখী ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান জাতীয় নীতিমালাকে আরও আধুনিক ও যুগোপযোগী করছে সরকার। একই সঙ্গে বজ্রপাতে দেশজুড়ে আশঙ্কাজনক হারে প্রাণহানি কমাতে মাঠপর্যায়ে গ্রহণ করা হচ্ছে বহুমুখী প্রযুক্তিগত ও কৌশলগত পদক্ষেপ।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সরকারের এই দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যা, খরা ও নদীভাঙনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সরকার অতীতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫, দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২১-২০২৫) এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার’ (এসওডি) প্রণয়ন করেছে। 

বর্তমান প্রেক্ষাপটে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ুর পরিবর্তনের গতিপ্রকৃতি বিবেচনা করে এই পরিকল্পনাগুলোকে আরও সময়োপযোগী ও হালনাগাদ করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এসওডি সংশোধন এবং ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি নতুন ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং গবেষণা কার্যক্রমকে গতিশীল করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন, যা সামগ্রিক দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানার করা অপর এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী দেশের বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে প্রাণহানি কমানোর বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে এখন বজ্রপাতের নিখুঁত পূর্বাভাস তৈরি করা হচ্ছে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ‘ইন্টিগ্রেটেড ভয়েস রেসপন্স’ (আইভিআর) প্রযুক্তির সাহায্যে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। 

এছাড়া মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, পোস্টার ও বিশেষ মহড়ার মাধ্যমে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বজ্রপাতপ্রবণ অঞ্চলগুলোতে ‘কৃষক ছাউনি কাম বজ্রনিরোধক দণ্ড’ স্থাপন এবং দেশজুড়ে ব্যাপক হারে তালগাছ রোপণের মতো দূরদর্শী প্রকল্প গ্রহণের কাজ এগিয়ে চলছে।

আ.দৈ/আরএস/এএইচএইচজ



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝