কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত
৪০ ঘণ্টার বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে চলতি বাজেট অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে এই বাজেট অধিবেশন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কার্যদিবসে বিকেল ৩টা থেকে সংসদের কার্যক্রম শুরু হবে।
তবে আগামী ২৭ থেকে ৩০ জুন—এই চার দিন প্রতিদিন দু’বেলা করে অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো বাজেট অধিবেশনে সব মিলিয়ে মোট ৪০ ঘণ্টা আলোচনার কথা রয়েছে। অবশ্য পরিস্থিতির প্রয়োজনে সংসদের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের পূর্ণ ক্ষমতা কমিটির সভাপতি ও স্পিকারকে প্রদান করা হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ এই নীতি-নির্ধারণী সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; গয়েশ্বর চন্দ্র রায়, এমপি; চীফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।
বিরোধীদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি; বিরোধীদলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির, এমপি। স্পীকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে আরও অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সরকারি কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩,০৩৭টি প্রশ্নসহ মোট ৩,২২৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে ২৯৩টি।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সাচিবিক সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস/এএইচএইচজ




















