ঘরমুখো মানুষের চাপে ব্যস্ত রাজধানীর বাস টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছু টির দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে।
এদিন সরেজমিন মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত সব গাড়িই সময় মতো ছেড়ে গেছে। যাত্রীরাও তেমন কোনো অভিযোগ করছেন না।
মূলত আগেই টিকিট সংগ্রহ করা যাত্রীরা বলছেন, মহাখালী থেকে সময়মতোই গাড়ি ছাড়ছে। তেমন ঝক্কি-ঝামেলা নেই।
তবে, গাবতলী বাস টার্মিনালে গেলে সেখানে কিছু কিছু যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে বলছেন, ঈদের সময় হিসেবে এটা সহনীয়। কিন্তু সেই তুলনায় মহাখালী বাস টার্মিনালে সব কিছু স্বাভাবিক দেখা গেছে।
এদিকে মহাখালীতে টার্মিনালে যারা আগে টিকিট কাটেননি, তাদের কেউ কেউ আজ টিকিট কেটে বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। কিন্তু টিকিটের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না।
টার্মিনালে ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। আমাদের রুটের অনেক গাড়ির টিকিট আগে করা লাগে না। এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট পেয়ে গেছি। এখান থেকেও নিয়মিতই বাস ছাড়ছে। সড়কে জ্যাম না পেলে হয়তো সময়মতোই বাড়ি পৌঁছাতে পারব।’
তবে রাতে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গাড়ি এখনও টার্মিনালে এসে পৌঁছায়নি। সেকারণে দুয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
আ.দৈ/আরএস




















